নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মো. রিয়াজ (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নবীগঞ্জ কদমতলী এলাকার ডাক্তার ফাতেমার ভাড়াবাসার একটি কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রিয়াজ ওই এলাকার নজরুল ইসলামের ছেলে। তাঁর গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন ধরে পারিবারিক কলহের জেরে রিয়াজের সঙ্গে তাঁর স্ত্রীর মনোমালিন্য চলছিল। মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা নিজ কক্ষের ফ্যানের সঙ্গে গামছা পেঁচানো অবস্থায় রিয়াজকে দেখতে পান। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারকারী বন্দর থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষের খাটের ওপর থেকে রিয়াজের মরদেহ উদ্ধার করে। তাঁর গলায় ফাঁসের মতো আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে রিয়াজ আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।


































