নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৮ আগস্ট ২০২৬

না:গঞ্জ আদালতে জামায়াতপন্থী ৭ অতিরিক্ত ও সহকারী পিপি-জিপির পদত্যাগ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:৫৯, ৬ আগস্ট ২০২৬

না:গঞ্জ আদালতে জামায়াতপন্থী ৭ অতিরিক্ত ও সহকারী পিপি-জিপির পদত্যাগ

নারায়ণগঞ্জ জেলা আদালতে দায়িত্ব পালন করা জামায়াতপন্থী সাতজন আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি), সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) ও সহকারী গভর্নমেন্ট প্লিডার (জিপি) পদ থেকে পদত্যাগ করেছেন।

 

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে তারা জেলা ও দায়রা জজ এবং পাবলিক প্রসিকিউটরের কাছে পদত্যাগপত্র জমা দেন। একইসঙ্গে পদত্যাগপত্রের একটি অনুলিপি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছেও প্রদান করা হয়।

 

পদত্যাগকারী আইনজীবীরা হলেন— অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নিজাম উদ্দিন, অ্যাডভোকেট ইসরাফিল হোসাইন ও অ্যাডভোকেট গোলাম সারোয়ার; সহকারী গভর্নমেন্ট প্লিডার অ্যাডভোকেট মাইনুদ্দিন মিয়া ও অ্যাডভোকেট জাহাঙ্গীর দেওয়ান; সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আক্তার হোসেন ও অ্যাডভোকেট মাসুদুর রহমান।

 

পদত্যাগপত্রে তারা উল্লেখ করেন, বিএনপি সরকারের ‘জুলাই সনদ’ বাস্তবায়নসংক্রান্ত সিদ্ধান্ত, বিচার বিভাগের স্বাধীনতা বিষয়ে সরকারের অবস্থান এবং সাম্প্রতিক কয়েকটি পদক্ষেপের সঙ্গে তাদের মৌলিক মতপার্থক্য রয়েছে। এছাড়া বিচার বিভাগের জন্য স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠায় সরকারের বিরোধিতা এবং সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ অধ্যাদেশ বাতিলের ফলে বিচারপতি নিয়োগে সরকারি প্রভাব বাড়ার আশঙ্কাও তারা তুলে ধরেন।

 

তাদের দাবি, এসব কারণে সাংবিধানিক শাসনব্যবস্থা, আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতিতে ‘বিবেকের তাড়নায়’ তারা দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করা হয়েছে।

 

পদত্যাগকারী সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আক্তার হোসেন বলেন, বিএনপি সরকারের জুলাই সনদ বাস্তবায়নে অনীহা এবং বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন হওয়ার মতো কয়েকটি কারণে আমরা এ পদে না থাকার সিদ্ধান্ত নিয়েছি।

 

তিনি আরও জানান, পদত্যাগকারী সাতজনই বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থক এবং জামায়াত-সমর্থিত সংগঠন বাংলাদেশ ল'ইয়ার্স কাউন্সিল-এর সঙ্গে সম্পৃক্ত।

 

এ বিষয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির বলেন, আমরা পদত্যাগপত্র গ্রহণ করেছি। এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত দেয়া হবে।

সম্পর্কিত বিষয়: