নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১৮ জুন ২০২৬

নারায়ণগঞ্জে লাশ ধোয়ার ঘর ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড নির্মাণের উদ্যোগ

নাগরিক সেবাকে আরও মানবিক ও গতিশীল করা হবে: মামুন মাহমুদ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৭:০২, ১৮ জুন ২০২৬

নাগরিক সেবাকে আরও মানবিক ও গতিশীল করা হবে: মামুন মাহমুদ

নাগরিক সেবাকে আরও মানবিক, আধুনিক ও দ্রুতগামী করতে নারায়ণগঞ্জ জেলা পরিষদ শহরে একটি আধুনিক লাশ ধোয়ার ঘর এবং অ্যাম্বুলেন্স স্ট্যান্ড নির্মাণের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে শহরের এলজিডি ভবনের বিপরীত পাশে নির্ধারিত স্থান পরিদর্শন করেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।

জানা গেছে, প্রকল্পের আওতায় সকল ধর্মের মানুষের মৃতদেহ সংরক্ষণ ও গোসলের উপযোগী ব্যবস্থা রাখা হবে। পাশাপাশি বিনা খরচে অ্যাম্বুলেন্সের মাধ্যমে মৃতদেহ নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও থাকবে।

পরিদর্শন শেষে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “মানুষের জীবনের শেষ যাত্রাটুকুও যেন মর্যাদা ও সম্মানের সঙ্গে সম্পন্ন হয়, সেই চিন্তা থেকেই আমরা আধুনিক লাশ ধোয়ার ঘর নির্মাণের উদ্যোগ নিয়েছি। একই সঙ্গে অ্যাম্বুলেন্স রাখার নির্দিষ্ট স্থান থাকলে রোগী ও মৃতদেহ পরিবহন কার্যক্রম আরও সহজ ও সুশৃঙ্খল হবে। জনকল্যাণই জেলা পরিষদের মূল লক্ষ্য। উন্নয়ন ও মানবিক সেবার এই ধারা ইনশাআল্লাহ অব্যাহত থাকবে।”

তিনি নির্মাণকাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

জেলা পরিষদ সূত্রে জানা যায়, সাধারণ মানুষ যাতে জরুরি মুহূর্তে দ্রুত অ্যাম্বুলেন্স সেবা পেতে পারেন এবং মৃতদেহের শেষকৃত্য সম্মানজনক ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা যায়, সে লক্ষ্যেই প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। শহরের কেন্দ্রস্থলে এ ধরনের সেবা অবকাঠামো গড়ে উঠলে জনদুর্ভোগ কমবে এবং নাগরিক সেবা আরও সহজলভ্য হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

পরিদর্শনকালে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আহসান উল্লাহ মজুমদার, উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন, আব্দুল্লাহ আল নোমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত বিষয়: