নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

০৭ সেপ্টেম্বর ২০২৬

ক্রমাগত লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন: আলহাজ্ব আব্দুর রশীদ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:১৫, ৬ সেপ্টেম্বর ২০২৬

ক্রমাগত লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন: আলহাজ্ব আব্দুর রশীদ

ক্রমাগত লোডশেডিং, গ্যাস সংকট, বিদ্যুৎ ও অন্যান্য সেবার ব্যয় বৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ আব্দুর রশীদ।

 

তিনি বলেন, প্রচণ্ড গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় শিশু, বৃদ্ধ, অসুস্থ মানুষ, শিক্ষার্থী ও কর্মজীবীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

 

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার কাঁচপুরস্থ জেলা কার্যালয়ে সংগঠনটির নিয়মিত মাসিক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৈঠক সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মুফতী শিব্বির আহমেদ।

 

আলহাজ্ব মুহাম্মদ আব্দুর রশীদ বলেন, একদিকে বিদ্যুৎ সংকট, অন্যদিকে বিভিন্ন এলাকায় গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। গ্যাস সংকটের কারণে বাসাবাড়িতে রান্নাবান্না ব্যাহত হচ্ছে। পাশাপাশি শিল্পকারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠানেও এর নেতিবাচক প্রভাব পড়ছে।

 

তিনি বলেন, জনগণ নিয়মিত বিদ্যুৎ ও গ্যাসের বিল পরিশোধ করেও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। এটি অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি কোনো বিলাসী পণ্য নয়; এগুলো মানুষের দৈনন্দিন জীবন, অর্থনীতি ও জাতীয় উৎপাদনের অপরিহার্য অংশ।

 

তিনি আরও বলেন, এসব খাতে অব্যবস্থাপনা, অপচয়, অনিয়ম ও অদক্ষতার দায় কোনোভাবেই সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেওয়া গ্রহণযোগ্য নয়। জনগণের মৌলিক নাগরিক সুবিধা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

 

দেশের জনগণের স্বার্থে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকারকে দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

 

বৈঠকে আরও উপস্থিত ছিলেন জেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব ফারুক আহমাদ মুন্সী, মাওলানা হাবিবুর রহমান জিহাদী, নজরুল ইসলাম মাস্টার, জয়েন্ট সেক্রেটারি মো. মনির হোসাইন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সামছুল আলম খন্দকার, সাংগঠনিক সম্পাদক আশরাফ আলী, মাসুদ রানা, প্রচার সম্পাদক মাওলানা মো. হোসাইন গাজী, দপ্তর সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম, অর্থ ও প্রকাশনা সম্পাদক মাকসুদুল হাসানসহ জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

এ ছাড়া প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবু রায়হান সাইফি, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক কাজী কামরুজ্জামান, ছাত্রী ও মহিলা ইউনিট সম্পাদক মাওলানা মফিজুল ইসলাম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সোহেল সরকার, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. নুরুল আমিন খান, নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক মো. শফিকুল ইসলাম খোকনসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত বিষয়: