নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের মিজমিজি পশ্চিমপাড়া মাদরাসা রোড এলাকায় দেড় মাসেরও বেশি সময় ধরে গ্যাস সরবরাহ না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন কয়েকশ পরিবার। সংকট দ্রুত সমাধানের দাবিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির নারায়ণগঞ্জ কার্যালয়ে আবেদন করেছে স্থানীয় বুকস গার্ডেন ফ্ল্যাট মালিক সমিতি।
আবেদনে বলা হয়, গত জুলাই মাসের শুরু থেকে মিজমিজি পশ্চিমপাড়া মাদরাসা রোড এলাকায় তীব্র গ্যাস সংকট চলছে। এর আগে এলাকায় মাঝে মধ্যে কমবেশি গ্যাস সংকট দেখা দিলেও এবারের পরিস্থিতি নজিরবিহীন। দেড় মাসের বেশি সময় ধরে বাসিন্দারা একবারের জন্যও স্বাভাবিক গ্যাস সরবরাহ পাননি।
স্থানীয় বাসিন্দারা জানান, আশপাশের কিছু এলাকায় ছুটির দিন কিংবা রাতের সময়ে কখনো কখনো গ্যাস সরবরাহ পাওয়া গেলেও মাদরাসা রোড এলাকায় কোনো সময়েই গ্যাস পাওয়া যাচ্ছে না। এতে জনবহুল আবাসন বুকস গার্ডেনসহ আশপাশের প্রায় অর্ধশত বাড়ির কয়েকশ পরিবার চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন।
আবেদনে আরও উল্লেখ করা হয়, সরকারের বিভিন্ন উদ্যোগে দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হলেও মিজমিজি মাদরাসা রোড এলাকায় এর কোনো প্রভাব পড়েনি। দীর্ঘদিন ধরে গ্যাস না থাকায় রান্নাবান্নাসহ দৈনন্দিন জীবনযাত্রায় চরম ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা।
এ অবস্থায় জনদুর্ভোগের বিষয়টি বিবেচনা করে দ্রুত গ্যাস সংকট সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছে বুকস গার্ডেন ফ্ল্যাট মালিক সমিতি।
আবেদনের অনুলিপি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এবং নারায়ণগঞ্জের উপ-ব্যবস্থাপনা পরিচালক বরাবরও দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, দ্রুত কার্যকর পদক্ষেপের মাধ্যমে মাদরাসা রোড এলাকায় স্বাভাবিক গ্যাস সরবরাহ নিশ্চিত করা হবে।


































