নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৭ মার্চ ২০২৬

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তাকে মারধরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২৩:৫৯, ১৬ মার্চ ২০২৬

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তাকে মারধরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জ শহরের উকিলপাড়ায় রেলওয়ে পুলিশের ওপর হামলা ও মারধরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন— গলাচিপা এলাকার দেলোয়ার হোসেনের ছেলে মো. ডি এম অনিক (২৮), হারুন শেখের ছেলে মিস্টার অনিক (২৬), মো. সোবহানের ছেলে মো. ফারুক (২২)।

পুলিশ জানায়, রেলওয়ে পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই মিজানুর রহমান ও কনস্টেবল আরিফুল ইসলাম গত ১৫ মার্চ সকাল ৬টা ৫ মিনিটে নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির আশপাশ এলাকায় ডিউটিতে নিয়োজিত ছিলেন। বিকেল সাড়ে ৫টার দিকে সদর মডেল থানার উকিলপাড়া রেললাইন সংলগ্ন এলাকায় নিয়মিত টহলকালে তারা কয়েকজনকে মাদক সেবন ও বিক্রি করতে দেখেন।

এ সময় পুলিশ দুইজন মাদকসেবীকে গাঁজাসহ আটক করলে ৮ থেকে ১০ জন পালিয়ে যায়। পরে তারা দলবদ্ধ হয়ে ফিরে এসে এসআই মিজানুর রহমান ও কনস্টেবল আরিফুল ইসলামের ওপর হামলা চালিয়ে মারধর করে। এ সময় এসআই মিজানুর রহমানের ব্যবহৃত রিয়েলমি টি২১ মডেলের একটি মোবাইল ফোন ও তার মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। মানিব্যাগে প্রায় ৭ হাজার টাকা ছিল বলে জানা গেছে।

পরিস্থিতি বেগতিক দেখে আহত দুই পুলিশ সদস্য ঘটনাস্থল থেকে সরে গিয়ে খানপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন এবং পরে ফাঁড়িতে ফিরে আসেন।

ঘটনার পর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল হালিমের নেতৃত্বে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় এসআই মো. মিজানুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। 

গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

এদিকে হামলাকারীদের অভিযোগ ছিল, পুলিশ কর্মকর্তা মিজান দুইদিন  আগেও এক ব্যক্তিকে ধরে মাদক মামলায় চালান দেয়ার ভয়ভীতি দেখিয়ে  টাকা আদায়  করেছে। রেললাইন এলাকার মানুষ রেল পুলিশের চাদাঁবাজিতে অতিষ্ঠ। আজকেও (রোববার) দু’জনকে মাদক-সংশ্লিষ্টতার ‘মিথ্যা অভিযোগে’ গাড়িতে তোলার চেষ্টা করেছিলেন ওই পুলিশ সদস্যরা।  যে কারণে স্থানীয় ক্ষুব্দ জনতা দুই যুবকে ধরে হয়রানি করার অভিযোগ তুলে মারধর করেছে।