নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক অগ্রবাণী প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক সাংবাদিক স্বপন কুমার পোদ্দার ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জ শহরে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে নারায়ণগঞ্জ নিউজপেপার ওনার্স এসোসিয়েশন।
স্বপন কুমার পোদ্দার নারায়ণগঞ্জ নিউজপেপার ওনার্স এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর মৃত্যুতে সংবাদপত্রসংশ্লিষ্ট মহলে শোকের আবহ তৈরি হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সংগঠনটির সভাপতি হাবিবুর রহমান বাদল স্বাক্ষরিত এক শোকবার্তায় মরহুমের আত্মার শান্তি কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
শোকবার্তায় উল্লেখ করা হয়, ২০২৪ সালের ২১ অক্টোবর ইসলাম ধর্ম গ্রহণ করেন স্বপন কুমার পোদ্দার। ধর্মান্তরের পর তাঁর নাম রাখা হয় হারুন অর রশীদ স্বপন।


































