নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০৩ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকপাড় থেকে সেলুন কর্মচারীর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৩:৩৩, ৩ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকপাড় থেকে সেলুন কর্মচারীর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে তপন শীল (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জ পুলের পাগলাবাড়ি মোড় এলাকায় লেকের পশ্চিম পাশে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হাঁটতে বের হওয়া এক ব্যক্তি ডিএনডি লেকপাড়ে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়দের জানান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত তপন শীল সিদ্ধিরগঞ্জের মিজমিজি আলামিন নগর এলাকায় পরিবার নিয়ে ভাড়াবাসায় থাকতেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ডে। তিনি স্থানীয় একটি সেলুনে কর্মচারী হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর বুধবার রাতে তপন শীল আর বাড়ি ফেরেননি। এরপর বৃহস্পতিবার সকালে ডিএনডি লেকপাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক জানান, মরদেহটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। নিহতের স্ত্রীকে বিষয়টি জানানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তপন শীলের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।