নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত মামলা, সন্ত্রাসবিরোধী আইন, দস্যুতা ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
রোববার (১৫ নভেম্বর) সোনারগাঁ থানা এলাকায় দিনব্যাপী এ বিশেষ অভিযান পরিচালনা করে থানা পুলিশ। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান পিপিএমের নির্দেশনায় সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক পিপিএমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে ৯ জন মাদকসেবী, একজন মাদক মামলার আসামি, বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত মামলার তিনজন, সন্ত্রাসবিরোধী আইনের মামলার ছয়জন, দস্যুতা মামলার একজন এবং ওয়ারেন্টভুক্ত দুইজন রয়েছেন।
বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত মামলায় গ্রেপ্তার তিনজন হলেন সোনারগাঁ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের প্রচার সম্পাদক আবুল কালাম (৪৫), সাদিপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান (৩৮) এবং নোয়াগাঁও ইউনিয়ন শ্রমিক লীগের কার্যকরী সদস্য মুসা মিয়া খোকন (৪৬)।
অন্যদিকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ছয়জন হলেন সাদিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. কাদির (৩৮), সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল মিয়া (৩৮), সনমান্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কার্যকরী সদস্য মঞ্জুর হোসেন (৪৫), কাঁচপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি রমিজ (৬৩), নোয়াগাঁও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আফজাল হোসেন বকুল (৩৫) এবং সোনারগাঁ থানা আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক মোখলেছুর রহমান আমির (৪৫)।
এ ছাড়া মাদক মামলায় সজিব হোসেন (২৯), দস্যুতা মামলায় আরাফাত (২০) এবং ওয়ারেন্টভুক্ত আসামি রাকিব (২৯) ও ইয়াকুবকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে। মাদকসেবী হিসেবে গ্রেপ্তার নয়জনের মধ্যে ইকবাল, সাব্বির, ইমরান, জাহাঙ্গীর, বাছেদ, নাইম, সজীব, হাবিবুর রহমান ওরফে চিকন আলী এবং শাওন রয়েছেন।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।


































