নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

১৬ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে ককটেল বিস্ফোরণের অভিযোগে মামলায় আসামি আওয়ামী লীগের ৩০ নেতাকর্মী

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৬:৪৮, ১৬ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে ককটেল বিস্ফোরণের অভিযোগে মামলায় আসামি আওয়ামী লীগের ৩০ নেতাকর্মী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সড়ক অবরোধ, বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২০ থেকে ৩০ জন অজ্ঞাতনামা নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

গত ১০ নভেম্বর রাতে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে বলে মামলার এজহারে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ১৩ নভেম্বর রাতে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. ওয়ালিউল্লাহ বাদী হয়ে মামলাটি করেন। থানার মামলা নম্বর ২২।

মামলার এজাহারে বলা হয়েছে, ১০ নভেম্বর রাত ৭টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে, জালকুড়ি কড়ইতলা এলাকায় চাষাঢ়াগামী সড়কে নাশকতার পরিকল্পনায় একদল লোক জড়ো হয়েছে। খবর পেয়ে রাত ৮টা ৫ মিনিটে পুলিশ সেখানে পৌঁছায়।

এ সময় আবু বকর সিদ্দিক (রা.) মসজিদের সামনে ২০ থেকে ৩০ জনকে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সড়ক অবরোধ করতে দেখা যায়। তাদের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক ছড়ানো এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ও ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

এজাহার অনুযায়ী, পুলিশের উপস্থিতি বুঝতে পেরে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান অভিযুক্ত ব্যক্তিরা। পরে তাদের আটক করার চেষ্টা করা হলেও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

মামলায় আরও বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তিরা সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় যানবাহন, অফিস ও দোকানে অগ্নিসংযোগ এবং ভাঙচুরসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

এ ঘটনায় দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮ ও ১৪৯ ধারা এবং বিস্ফোরক উপাদানাবলি আইনের ৩ ও ৬ ধারায় মামলা করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, এজাহারের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।