নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ১ হাজার ৫০০ পুড়িয়া গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (৪ জুন) ভোর ৬টা ৫ মিনিটে ফতুল্লা থানার দেওভোগ বাঁশমুলি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মো. বিল্লাল হোসেন (৩৫) ও তার স্ত্রী আমেনা বেগম (২০)। তারা দুজনই দেওভোগ বাঁশমুলি এলাকার আরিফের বাড়ির ভাড়াটিয়া।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই সনজিব জোয়াদ্দারের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিল্লাল হোসেনের ভাড়া বাসায় অভিযান চালায়।
অভিযানকালে তাদের শয়নকক্ষ থেকে ১ হাজার ৫০০ পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়, যার কাগজসহ মোট ওজন প্রায় ৭ কেজি। এ সময় মাদক বিক্রির অভিযোগে স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


































