নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৭ মার্চ ২০২৬

জেলার উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে

 সবাইকে নিয়ে কাজ করতে চান মামুন মাহমুদ

প্রকাশিত:২৩:৪৭, ১৬ মার্চ ২০২৬

 সবাইকে নিয়ে কাজ করতে চান মামুন মাহমুদ

নারায়ণগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। সোমবার বেলা (১৬ মার্চ) আড়াইটার দিকে তিনি জেলা পরিষদ ভবনে আসেন এবং  দায়িত্ব গ্রহন করেন। এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসফাকুর রহমানের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তিনি। 


জেলা পরিষদের দায়িত্ব গ্রহণ শেষে গণমাধ্যমকে মামুন মাহমুদ বলেন, পুরো জেলায় পরিষদের কার্যক্রম বৈষম্যহীনভাবে চলবে। বিগত সরকারের আমলে উন্নয়নকাজে বৈষম্য ছিলো। আমরা সেটি দূর করতে চাই। জেলা পরিষদের কার্যক্রম মানুষের দোড়গোড়ায় পৌছে দিতে চাই। বিগত সময়ে মানুষ জানতোই না জেলা পরিষদের কার্যক্রম সম্পর্কে। আমরা সেটিও মানুষকে জানানোর ব্যবস্থা করবো। 


তিনি আরও বলেন, জেলা পরিষদের মাধ্যমে জেলার উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। জনগণের প্রত্যাশা পূরণে স্বচ্ছতা ও সমন্বয়ের মাধ্যমে আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করব।


এসময় তার সঙ্গে জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


অধ্যাপক মামুন মাহমুদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি জেলা বিএনপির সদস্য সচিবের দায়িত্বও পালন করেছেন। দীর্ঘদিন ধরে তিনি দলটির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন। দলের আন্দোলন-সংগ্রামেও তিনি সামনের সারিতে সক্রিয় ছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক মামলায় কারাভোগও করেছেন তিনি।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশী ছিলেন মামুন মাহমুদ। তবে দল ওই আসনে বর্তমান সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানকে মনোনয়ন দিলে তিনি দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে নেতা-কর্মীদের সঙ্গে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করেন। দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য, দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা এবং পরিচ্ছন্ন ভাবমূর্তি তার এই নিয়োগে ভূমিকা রেখেছে বলে দলীয় সূত্রে জানা গেছে।


এ বিষয়ে প্রতিক্রিয়ায় অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ‘নারায়ণগঞ্জ একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। জেলা পরিষদের মাধ্যমে জেলার উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। জনগণের প্রত্যাশা পূরণে স্বচ্ছতা ও সমন্বয়ের মাধ্যমে আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করব।’

রোববার (১৫ মার্চ) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে সারা দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগের তথ্য জানানো হয়। ওই তালিকায় নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে অধ্যাপক মামুন মাহমুদের নাম ছিলো।

সম্পর্কিত বিষয়: