নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

১৩ জুলাই ২০২৬

গাছের চারা ও ডিজিটাল বোর্ড বিতরণ সদর উপজেলা প্রশাসনের

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:৪০, ১৩ জুলাই ২০২৬

গাছের চারা ও ডিজিটাল বোর্ড বিতরণ সদর উপজেলা প্রশাসনের

পরিবেশ সংরক্ষণ এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে নতুন উদ্যোগ নিয়েছে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন।

 

সোমবার (১৩ জুলাই) সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিনের উদ্যোগে উপজেলার ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে কুতুব আইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাসদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুটি ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ড হস্তান্তর করা হয়।

 

বিতরণ অনুষ্ঠানে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন, জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণের সচেতনতা তৈরির লক্ষ্যেই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিদ্যালয়গুলোতে রোপণ করা গাছের পরিচর্যায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হবে।

 

তিনি আরও বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর শিক্ষা অপরিহার্য। ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ডের মাধ্যমে শ্রেণিকক্ষগুলো স্মার্ট ক্লাসরুমে রূপান্তরিত হলে পাঠদান আরও আধুনিক, আকর্ষণীয় ও কার্যকর হবে।

 

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

 

শিক্ষকরা জানান, ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ডের মাধ্যমে মাল্টিমিডিয়া ভিত্তিক পাঠদান সহজ হবে এবং শিক্ষার্থীদের শেখার আগ্রহ ও অংশগ্রহণ আরও বৃদ্ধি পাবে।

 

উপজেলা প্রশাসন জানিয়েছে, পর্যায়ক্রমে নারায়ণগঞ্জ সদর উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়কে স্মার্ট ক্লাসরুমের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।