নারায়ণগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে ২ হাজার ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় মাদক ও অস্ত্র উদ্ধারে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে ডিবির অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক মো. নজরুল ইসলামের নেতৃত্বে অভিযান দুটি পরিচালিত হয়।
এর মধ্যে বন্দরের নবীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৫০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বন্দরের কুশিয়ারা এলাকার গোলাম রাব্বি (২৮), মো. ইয়ন (২২) ও কদমরসুল এলাকার শিপন (২৪)।
অন্যদিকে, ফতুল্লা থানাধীন চাষাঢ়া রেলক্রসিংয়ের পাকা সড়ক থেকে ১০ কেজি গাঁজাসহ দীন ইসলাম ওরফে ডেঙ্গু (৩৪) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি ফতুল্লার মাওরা পট্টি এলাকার বাসিন্দা।
পুলিশ আরও জানায়, উদ্ধার করা মাদকদ্রব্যের ঘটনায় বন্দর ও ফতুল্লা থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে।


































