নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকে থাকা আরও তিন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার তারাবো পৌরসভার মৈকুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রূপগঞ্জের মৈকুলী এলাকার মৃত জসীম উদ্দীনের ছেলে ইজিবাইকচালক রিফাত (২০) এবং একই এলাকার বাসিন্দা শাহনাজ বেগম (৫৫)। তিনি মনির হোসেনের স্ত্রী।
ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর জসিম উদ্দিন জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রিফাত পাঁচজন যাত্রী নিয়ে রূপসী বাসস্ট্যান্ড থেকে মৈকুলীর দিকে যাচ্ছিলেন। পথে ঢাকা-সিলেট মহাসড়কের মৈকুলী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে ইজিবাইকটির সংঘর্ষ হয়।
এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় ইজিবাইকচালক রিফাত ও যাত্রী শাহনাজ বেগম ঘটনাস্থলেই নিহত হন। এ সময় ইজিবাইকে থাকা আরও তিন যাত্রী আহত হন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যান ও এর চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


































