নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

৩০ জুলাই ২০২৬

নাসিকের ১০৬০ কোটি টাকার বাজেট ঘোষণা

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৩:১৫, ৩০ জুলাই ২০২৬

নাসিকের ১০৬০ কোটি টাকার বাজেট ঘোষণা

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১ হাজার ৬০ কোটি ৯৯ লাখ ৭৫ হাজার ১১২ টাকার বাজেট ঘোষণা করেছেন প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। নাসিকের ইতিহাসে এটিই সর্বোচ্চ বাজেট এবং এটি সিটি কর্পোরেশনের ১৫তম বাজেট।

 

বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১টায় নগরভবনের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষণা করেন তিনি। গত অর্থবছরে নাসিকের বাজেট ছিল ৭০৪ কোটি ৬১ লাখ টাকা।

বাজেট ঘোষণাকালে প্রশাসক বলেন, নাগরিক দুর্ভোগ কমানো এবং সেবার মান উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে। বিশেষ করে সুপেয় পানির সরবরাহ বৃদ্ধি, মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার, খাল খনন ও পুনরুদ্ধারের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে সংশ্লিষ্ট খাতে বাড়তি বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া নাগরিক সেবার মানোন্নয়নে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ খাতে অতিরিক্ত অর্থ বরাদ্দের প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে।

 

প্রস্তাবিত বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৯০০ কোটি টাকা। ফলে বাজেটে উল্লেখযোগ্য পরিমাণ উদ্বৃত্ত রাখার পরিকল্পনা রয়েছে। বাজেট বাস্তবায়নের প্রধান উৎস হিসেবে ধরা হয়েছে নাসিকের নিজস্ব রাজস্ব আয়। পাশাপাশি পানি সরবরাহ খাতের আয়, সরকারি উন্নয়ন সহায়তা, বৈদেশিক সহায়তাপুষ্ট প্রকল্প এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে প্রাপ্ত অর্থও অর্থায়নের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের প্রেক্ষাপটে ১৮ আগস্ট সারাদেশের অন্যান্য সিটি কর্পোরেশনের মতো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকেও অপসারণ করা হয়। পরবর্তীতে প্রশাসনিক কর্মকর্তারা দায়িত্ব পালন করেন। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর দলীয় নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান নাসিকের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার প্রায় ছয় মাস পর এটিই তাঁর প্রথম বাজেট ঘোষণা।

 

বাজেট ঘোষণার সময় মঞ্চে উপস্থিত ছিলেন নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সচিব নূর কুতুবুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজগর হোসেন, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হেমায়েত হোসেন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নগর পরিকল্পনাবিদ মঈনুল ইসলাম।

 

এ সময় বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও নাগরিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।