নারায়ণগঞ্জে মদ্যপ অবস্থায় এক পুলিশ কর্মকর্তার অস্বাভাবিক আচরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় আব্দুল মান্নান নামের সদর নৌ থানার এক উপপরিদর্শককে (এসআই) ক্লোজড করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) গভীর রাতে শহরের শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে সদর নৌ থানার পাশের সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান শনিবার (৫ সেপ্টেম্বর) আব্দুল মান্নান ওই থানার এসআই বলে নিশ্চিত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আব্দুল মান্নান নেশাগ্রস্তের মতো আচরণ করছেন। কখনো মাটিতে বসে গান গাইছেন, আবার কখনো নাচছেন। একপর্যায়ে তাঁকে বিলাপ করতেও দেখা যায়। তাঁর অস্বাভাবিক আচরণ দেখে আশপাশের লোকজন সেখানে জড়ো হন।
ভিডিওতে উপস্থিত কয়েকজন তাঁর এমন আচরণের কারণ জানতে চাইলে আব্দুল মান্নান বলেন, তাঁর স্ত্রী তাঁকে মারধর করেছেন। এ কারণে তিনি মদ পান করেছেন বলেও ভিডিওতে বলতে শোনা যায়।
তবে পুলিশ কর্মকর্তা আব্দুল মান্নানের এমন আচরণের বিষয়ে ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন সদর নৌ থানার ওসি রকিবুজ্জামান। তিনি বলেন, পারিবারিক কারণে আব্দুল মান্নান মানসিক সমস্যায় ভুগছেন। তাঁর পরিবারের কাছ থেকে চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র সংগ্রহ করা হয়েছে।
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। এরপর আব্দুল মান্নানকে ক্লোজড করা হয়। বিষয়টি তদন্ত করা হচ্ছে।


































