ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) বিভিন্ন ওয়ার্ডে হ্যান্ড স্প্রে মেশিন, হ্যান্ড মাইক ও মশক নিধনকর্মীদের সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনের পঞ্চম তলার সভাকক্ষে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাসিকের প্রশাসক মো. সাখাওয়াত হোসেন খান।
অনুষ্ঠানে সাখাওয়াত হোসেন খান বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগের বিস্তার রোধে মাঠপর্যায়ে মশক নিধন কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। এ লক্ষ্যে ওয়ার্ডভিত্তিক মশক নিধন কার্যক্রম পরিচালনার জন্য এসব সরঞ্জাম বিতরণ করা হচ্ছে।
তিনি বলেন, মশক নিধন কার্যক্রমের পাশাপাশি নগরবাসীকে সচেতন করাও জরুরি। এ জন্য হ্যান্ড মাইকের মাধ্যমে বিভিন্ন এলাকায় জনসচেতনতামূলক প্রচার চালানো হবে। একই সঙ্গে মশক নিধনকর্মীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁদের প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী দেওয়া হয়েছে।
নাসিকের বিভিন্ন ওয়ার্ডে নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনা এবং ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে এসব সরঞ্জাম কার্যকর ভূমিকা রাখবে বলে জানান সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে নাসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব নূর কুতুবুল আলম, নগর পরিকল্পনাবিদ মঈনুল ইসলামসহ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


































