ডেঙ্গু প্রতিরোধ, এডিস মশার বংশবিস্তার রোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় নারায়ণগঞ্জ সদর উপজেলায় একযোগে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসসহ বিভিন্ন সরকারি দপ্তর, গুদারাঘাট এবং হাটবাজারে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানের আওতায় বিভিন্ন সড়ক, ড্রেন, খাল, জলাশয় ও জনসমাগমস্থল থেকে ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। পাশাপাশি পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংসে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়।
এদিকে, জলাবদ্ধতা নিরসন ও পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে তক্কার মাঠ থেকে নন্দলালপুর পর্যন্ত খাল সংস্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। খালের ময়লা-আবর্জনা অপসারণ এবং পানিপ্রবাহ সচল করার মাধ্যমে এলাকার জলাবদ্ধতা কমানো ও পরিবেশের উন্নয়ন এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
অন্যদিকে, ডেঙ্গু প্রতিরোধে উপজেলার প্রতিটি ওয়ার্ডে মশক নিধন কার্যক্রমের অংশ হিসেবে মশার ওষুধ ছিটানো হয়েছে। এ কার্যক্রমের মাধ্যমে এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি নাগরিকদের সচেতনতা ও অংশগ্রহণ জরুরি। বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্রসহ কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
জনস্বাস্থ্য সুরক্ষা, পরিবেশের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ, জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গুর বিস্তার রোধে এ ধরনের সমন্বিত কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন।


































