নারায়ণগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের আহ্বায়ক ও হেফাজতে ইসলামের নেতা মাওলানা ফেরদাউসুর রহমানকে ফোন করে ডেকে নিয়ে মারধর এবং জামাকাপড় ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে ছাত্রদলের কয়েকজন কর্মীর বিরুদ্ধে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের জামতলায় হিরা কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
মাওলানা ফেরদাউসুর রহমানের অভিযোগ, জেলা পরিষদের একটি জায়গা লিজ নিয়ে সেখানে নির্মাণকাজ শুরু করার পর কয়েকজন তার কাছে চাঁদা দাবি করেন। একই সঙ্গে মার্কেটের অর্ধেক অংশও দাবি করা হয়। বিষয়টি নিয়ে শরিক দলের নেতাদের সঙ্গে আলোচনা করে একপর্যায়ে সমাধান হলেও পরবর্তী সময়ে বিভিন্ন অজুহাতে নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়।
ফেরদাউসুর রহমান বলেন, ‘আজ ছাত্রদলের অনিক আমাকে ফোন করে বলে, একটু কথা আছে। এরপর সেখানে গেলে আমার ওপর হামলা চালানো হয়। আমি শরিক দল করি, কাউকে চাঁদা দেব না। তারা আমাকে শারীরিকভাবে হেনস্তা করেছে এবং জামাকাপড় ছিঁড়ে ফেলেছে।’
তিনি আরও অভিযোগ করেন, গত পরশু এ বিষয়ে ছাত্রদল নেতা আজিজুল ইসলাম রাজীবের সঙ্গে তার কথা হয়েছিল। রাজীব বিষয়টি মীমাংসা করে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। তবে রাজীবের নির্দেশে তোফায়েল ও মিলনসহ ২০ থেকে ২৫ জন তার ওপর অতর্কিত হামলা চালান।
এ ঘটনায় আইনের আশ্রয় নেওয়ার কথা জানিয়ে মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, হামলা ও চাঁদা দাবির অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করবেন তিনি।


































