নারায়ণগঞ্জের ফতুল্লার সস্তাপুর এলাকায় নদী দূষণের অভিযোগে ইটিপি (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) বিহীন একটি কারখানার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে কারখানাটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৪ জুন) নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসাদুজ্জামান নূর-এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, সস্তাপুর এলাকায় অবস্থিত তরল বর্জ্য উৎপাদনকারী আকবর ডাইং নামের একটি কারখানায় ইটিপি ছাড়াই কার্যক্রম পরিচালনার মাধ্যমে পরিবেশ দূষণ করা হচ্ছিল। অভিযানের সময় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম প্রসিকিউশন প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত কারখানাটির বিরুদ্ধে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১-এর ৭(৩) বিধি লঙ্ঘনের প্রমাণ পেয়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা ধার্য করেন। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নারায়ণগঞ্জে নদী ও পরিবেশ দূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


































