নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

২৪ জুন ২০২৬

বন্দরে ভয়াবহ লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৩৪, ২৪ জুন ২০২৬

বন্দরে ভয়াবহ লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট ও দীর্ঘ সময়ের লোডশেডিংয়ে জনজীবন চরম দুর্ভোগে পড়েছে। সামান্য বাতাস কিংবা হালকা বৃষ্টিতেই ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

সম্প্রতি পুরো উপজেলাজুড়ে তীব্র লোডশেডিংয়ের কারণে এক ঘণ্টা বিদ্যুৎ থাকার পর দুই ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎবিহীন অবস্থায় থাকতে হয়েছে গ্রাহকদের। এতে শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বন্দরে বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে রয়েছে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি। গ্রাহকদের অভিযোগ, সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদাসীনতা ও অব্যবস্থাপনার কারণে গত কয়েক মাস ধরে দফায় দফায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিচ্ছে।

সরকারি হাজী ইব্রাহিম আলম চাঁন মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যাপক সাইফুল ইসলাম বাদল বলেন, দিন-রাত কয়েক দফা বিদ্যুতের আসা-যাওয়ার কারণে নাগরিক জীবন প্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। পাশাপাশি শিল্প-কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে এবং ব্যবসা-বাণিজ্যেও স্থবিরতা দেখা দিয়েছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির বন্দর জোনের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মোকশেদুল ইসলাম বলেন, আগের তুলনায় বর্তমানে অনেক কম বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাচ্ছে। গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় দিনের উল্লেখযোগ্য সময় লোডশেডিং দিতে হচ্ছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে বিদ্যুৎ পরিস্থিতিরও উন্নতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এদিকে দ্রুত বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়ন এবং নিয়মিত সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী গ্রাহকরা।

সম্পর্কিত বিষয়: