নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৭ জুন ২০২৬

সিদ্ধিরগঞ্জে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ১২ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:৩৮, ২৬ জুন ২০২৬

সিদ্ধিরগঞ্জে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ১২ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি ব্যানার ও কয়েকটি পোস্টার জব্দ করা হয়েছে। পুলিশের দাবি, মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগে অভিযুক্ত তাসরিফ আল নোমান মোটরসাইকেলে পালিয়ে যান।

শুক্রবার (২৬ জুন) বিকাল ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের মৌচাক ইউটার্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী-সমর্থকরা সেখানে ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ১২ জনকে আটক করে। অভিযানের সময় একটি ব্যানার ও কয়েকটি পোস্টার জব্দ করা হয়। তবে পুলিশের ভাষ্য অনুযায়ী, মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগে অভিযুক্ত ঢাকা মহানগর দক্ষিণের দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাসরিফ আল নোমান মোটরসাইকেলে পালিয়ে যান।

গ্রেপ্তাররা হলেন— মো. সোহাগ (১৯), আনিস সরকার (১৮), মো. সাব্বির হোসেন (২০), মো. আবির হোসেন (২৭), তন্ময় (১৮), ওয়ালিদ (১৮), মাহফুজ আলম (১৮), আবিদ (১৮), ইমতিয়াজ আহমেদ ইমন (১৮), তাওহিদ ইসলাম (১৮), মো. রিয়াদ (১৮) এবং মো. সোহেল (১৯)।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া পলাতক তাসরিফ আল নোমানসহ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, ঝটিকা মিছিলের প্রস্তুতি ও নেতৃত্ব দেওয়ার অভিযোগগুলো পুলিশের বক্তব্যের ভিত্তিতে জানানো হয়েছে। এসব অভিযোগের বিষয়ে গ্রেপ্তার ব্যক্তিদের বা অভিযুক্ত তাসরিফ আল নোমানের বক্তব্য পাওয়া যায়নি এবং অভিযোগের বিচারিক নিষ্পত্তি এখনো হয়নি।

সম্পর্কিত বিষয়: