নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০৩ জুলাই ২০২৬

সোনারগাঁয়ে অটো চালক মোমিন হত্যা মামলার আসামি শাহিন গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৮:৪০, ৩ জুলাই ২০২৬

সোনারগাঁয়ে অটো চালক মোমিন হত্যা মামলার আসামি শাহিন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে চাঞ্চল্যকর অটোরিকশাচালক মো. মোমিন হত্যা মামলার প্রধান আসামি শাহিন (৪২)কে গ্রেপ্তার করেছে সোনারগাঁও থানা পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে মেঘনা থানা পুলিশের সহায়তায় কুমিল্লার মেঘনা উপজেলার একটি ফ্রেশ কোম্পানির কারখানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পর থেকেই শাহিন আত্মগোপনে ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত মো. মোমিন দীর্ঘদিন ধরে সোনারগাঁওয়ের দড়িকান্দি থেকে বাংলাবাজার সড়কে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গ্রেপ্তার শাহিন দড়িকান্দি সিএনজি স্ট্যান্ডে লাইনম্যান হিসেবে কাজ করতেন। স্ট্যান্ডে অটোরিকশার সিরিয়াল নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ১৭ মে দুপুরে দড়িকান্দি সিএনজি স্ট্যান্ডের পাশে সিরিয়াল দেওয়াকে কেন্দ্র করে শাহিন মোমিনকে মারধর করেন। এতে তিনি মাথা, মুখ ও গলায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন। অভিযোগ রয়েছে, ওই সময় শাহিন তার পকেট থেকে ৫ হাজার টাকা নিয়ে যান।

পরে স্বজনরা তাকে প্রথমে মদনপুর আল-বারাকাহ হাসপাতালে এবং সেখান থেকে ঢাকার জাতীয় নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় গত ২০ মে সকালে মোমিনের মৃত্যু হয়। এরপর পূর্বে দায়ের করা মারামারি ও চুরির মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয় এবং মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশ দাবি করেছে। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মতি জানিয়েছেন। এ বিষয়ে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ডের আবেদনসহ তাকে আদালতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত বিষয়: