নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০২ জুলাই ২০২৬

বন্দরে আনসার সদস্যদের অস্ত্র লুটের ঘটনায় মামলা হলেও গ্রেপ্তার নেই

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:১৮, ২ জুলাই ২০২৬

বন্দরে আনসার সদস্যদের অস্ত্র লুটের ঘটনায়  মামলা হলেও গ্রেপ্তার নেই

নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বিদ্যুৎকেন্দ্রে দায়িত্বরত দুই আনসার সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে দুটি শর্টগান লুট করে নিয়ে গেছে একদল মুখোশধারী ডাকাত। এ ঘটনায় মামলা দায়ের হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

 

বৃহস্পতিবার (২ জুলাই) ভোর পৌনে ৫টার দিকে বন্দর থানার হরিপুর বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন শীতলক্ষ্যা নদীর ঘাটে এ ঘটনা ঘটে।

 

এ ঘটনায় উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্য মো. মনির হোসেন বাদী হয়ে একই দিন দুপুরে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি পেনাল কোড, ১৮৬০-এর ৩৯৫ ও ৩৯৭ ধারায় রুজু করা হয়েছে (মামলা নং-৪, তারিখ ২ জুলাই ২০২৬)।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার সময় দায়িত্বরত আনসার সদস্য সৈকত মিয়া ও মো. মনিরুজ্জামান মুন্সি বিদ্যুৎকেন্দ্রের ভেতরে শীতলক্ষ্যা নদীর ঘাটসংলগ্ন ডিউটি পোস্টে অবস্থান করছিলেন। এ সময় একটি ইঞ্জিনচালিত নৌকাযোগে ৫ থেকে ৬ জনের একটি ডাকাত দল সেখানে এসে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাদের ঘিরে ফেলে। দলের একজন সদস্য নৌকায় অবস্থান করছিল।

 

ডাকাতরা রামদা ও অন্যান্য দেশীয় অস্ত্রের ভয়ভীতি প্রদর্শন করে আনসার সদস্যদের সঙ্গে ধস্তাধস্তি করে সৈকত মিয়ার দায়িত্বে থাকা শর্টগান (বডি নম্বর-৬৬২৯৯০) এবং মনিরুজ্জামান মুন্সির দায়িত্বে থাকা শর্টগান (বডি নম্বর-৪১৩১২০) ছিনিয়ে নেয়। পরে তারা ইঞ্জিনচালিত নৌকায় করে কাঁচপুরমুখী উত্তর দিকে দ্রুত পালিয়ে যায়।

 

এজাহারে আরও উল্লেখ করা হয়, ডাকাতদের পরনে কালো প্যান্ট ও কালো গেঞ্জি ছিল এবং তারা মুখে মাস্ক পরিহিত ছিল। তাদের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে।

 

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন অস্ত্র লুটের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। লুণ্ঠিত অস্ত্র উদ্ধার এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

তবে প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।

সম্পর্কিত বিষয়: