নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া নাজির হোসেনকে ছাড়িয়ে নিতে এক বিএনপি নেতার দৌড়ঝাঁপের অভিযোগে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অন্যদিকে, দীর্ঘদিনের আতঙ্ক হিসেবে পরিচিত নাজির গ্রেপ্তার হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরলেও তার সহযোগীদের মাধ্যমে নাশকতার আশঙ্কায় উদ্বেগও দেখা দিয়েছে।
জানা গেছে, মঙ্গলবার দিবাগত গভীর রাতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ অভিযানে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দলের নেতা পরিচয়দানকারী নাজির হোসেনকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিনসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রের দাবি, নাজির হোসেনের বাড়ি মুন্সীগঞ্জে হলেও তিনি সিদ্ধিরগঞ্জের এনায়েতনগর এলাকার আব্দুল আজিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে একটি ভাড়া বাসায় বসবাস করতেন। এলাকায় তিনি মাদক ব্যবসা, চাঁদাবাজি, জমি দখল, ঝুট ব্যবসা নিয়ন্ত্রণসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ রয়েছে, ৫ আগস্টের পর থেকে নাসিকের ৮ নম্বর ওয়ার্ডের বিএনপি নেতা পরিচয়দানকারী শামসুদ্দিন শেখের ছত্রচ্ছায়ায় নাজির ও তার সহযোগীরা একটি সংঘবদ্ধ সিন্ডিকেট গড়ে তোলে। কেউ প্রতিবাদ করলে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে তাদের দমন করা হতো বলেও স্থানীয়দের অভিযোগ।
এদিকে নাজির গ্রেপ্তারের পর তাকে ছাড়িয়ে নিতে নাসিক ৮ নম্বর ওয়ার্ডের এক বিএনপি নেতা রাতভর থানায় অবস্থান এবং আদালতে দৌড়ঝাঁপ করেছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনসহ এলাকায় ব্যাপক আলোচনা চলছে।
স্থানীয় বিএনপির একাধিক নেতা বলেন, “বিএনপি কখনো অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দেয় না। দলের নাম ব্যবহার করে কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। অস্ত্রসহ গ্রেপ্তার নাজিরের পেছনে যারা রয়েছে, তাদেরও আইনের আওতায় আনতে হবে।”
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার নাজির হোসেনের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা হয়েছে এবং তদন্তের স্বার্থে তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে। পাশাপাশি তার সহযোগী ও পৃষ্ঠপোষকদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
স্থানীয়রা সাহসী এ অভিযানের জন্য সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে ধন্যবাদ জানিয়ে বলেন, কেবল নাজির নয়, তার অপরাধ চক্রের সঙ্গে জড়িত সকল ব্যক্তিকে আইনের আওতায় এনে এলাকায় স্থায়ী শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।


































