নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০৯ জুলাই ২০২৬

সাইনবোর্ডে চাঁদাবাজির প্রতিবাদে পরিবহন মালিক-শ্রমিকদের বিক্ষোভ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৫৬, ৯ জুলাই ২০২৬

সাইনবোর্ডে চাঁদাবাজির প্রতিবাদে পরিবহন মালিক-শ্রমিকদের বিক্ষোভ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় কথিত চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাইনবোর্ড পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১১টায় নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন সাইনবোর্ড পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা মো. খোকন সানি।

বিক্ষোভে অংশ নেওয়া পরিবহন মালিক ও শ্রমিকরা অবৈধ চাঁদাবাজি বন্ধ, পরিবহন খাতে নিরাপদ ও স্বাভাবিক পরিবেশ নিশ্চিত এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সরকার পরিবর্তনের পর একটি চক্র সাইনবোর্ড এলাকায় সিএনজি অটোরিকশা, লেগুনাসহ বিভিন্ন পরিবহন থেকে জোরপূর্বক ৫০ থেকে ১০০ টাকা করে চাঁদা আদায়ের চেষ্টা করছে। তারা দাবি করেন, মালিক ও শ্রমিকরা একত্রিত হয়ে ওই চক্রের তৎপরতা প্রতিহত করলেও এখনো বিভিন্নভাবে চাঁদা আদায়ের চেষ্টা এবং মালিক-শ্রমিকদের ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে।

বক্তারা বলেন, চাঁদাবাজির কারণে পরিবহন খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এর প্রভাব সাধারণ যাত্রীদের ওপরও পড়ছে। তাই দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

বিক্ষোভ শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন। পাশাপাশি দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ারও ঘোষণা দেন।

তবে সংবাদ প্রকাশ পর্যন্ত অভিযোগের বিষয়ে অভিযুক্ত কোনো পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।