নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলার এজাহারনামীয় আসামি যুবলীগ নেতা মাদক সম্রাট ফারুক হোসেন বাক্কুকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিদ্ধিরগঞ্জ থানার সেকেন্ড অফিসার (উপপরিদর্শক) নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে বাক্কুকে গ্রেপ্তার করেন।
শনিবার (২৪ অক্টোবর) বাদ মাগরিব নাসিক ৬নং ওয়ার্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। যুবলীগ নেতা বাক্কু নাসিক ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি সিরাজুল ইসলাম মন্ডলের ঘনিষ্ঠ সহযোগী ও বিতর্কিত বিএনপি নেতা মনির হোসেনের ভাতিজি জামাই বলে জানিয়েছেন স্থানীয়রা। নাসিক ৬নং ওয়ার্ড এলাকায় বাক্কু শীর্ষ মাদক সম্রাট হিসেবে পরিচিত।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক জানান, শনিবার বাদ মাগরিব সিদ্ধিরগঞ্জ থানাধীন সুমিলপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে বৈষম্য ও সন্ত্রাস বিরোধী মামলার আসামি মাদক সম্রাট বাক্কুকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার তাঁকে আদালতে প্রেরণ করা হবে। যেকোন অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


































