নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ভোজ্য তেলের বোতলে পরিমাপে কারচুপি, অবৈধভাবে তেল সরবরাহের উদ্দেশ্যে বিক্রয় ও বিতরণ, বিএসটিআইয়ের সিএম লাইসেন্স নবায়ন না করে পণ্য উৎপাদন ও বিক্রয় এবং মোড়কজাত সনদ না থাকার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সোনারগাঁও উপজেলার বিভিন্ন এলাকায় এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বিসিক শিল্প নগরী কাঁচপুর এলাকার এন এস ব্রাদার্স-কে ২ লাখ টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি ফর্টিফাইড সয়াবিন তেলের বোতল প্রস্তুত এবং সয়াবিন তেল মোড়কজাত ও বাজারজাত করে আসছিল। অভিযানে প্রতিষ্ঠানটির ৫ লিটার ও ২ লিটার ধারণক্ষমতার তেলের বোতলে যথাক্রমে ৫০ মিলিলিটার ও ২৫ মিলিলিটার করে তেল কম পাওয়া যায়। এ ছাড়া পণ্য মোড়কজাত বিধিমালা লঙ্ঘন করে ৯৩০ মিলিলিটার আকারের বোতলে অবৈধভাবে তেল সরবরাহের উদ্দেশ্যে বিক্রয় ও বিতরণের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, সোনারগাঁওয়ের মহাজমপুর এলাকার সিগমা অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড-কে দুটি মামলায় মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের সিএম সনদ নবায়ন না করেই ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন অয়েল পণ্যে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে উৎপাদন, বিক্রয় ও বিতরণ করছিল। এ অপরাধে ‘বিএসটিআই আইন, ২০১৮’ অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া সংশ্লিষ্ট পণ্যের মোড়কজাত সনদ না থাকায় প্রতিষ্ঠানটিকে আরও ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ এবং বিএসটিআইয়ের সিএম লাইসেন্স নবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।
র্যাব-১১-এর সহযোগিতায় পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন বিএসটিআই প্রধান কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহার।
অভিযানে সহযোগিতা করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নারায়ণগঞ্জের উপপরিচালক কে. এম. হানিফ এবং সহকারী পরিচালক মোঃ রাকিবুল আলম।
প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন প্রকৌশলী মোঃ মাহমুদুল হাসান রানা, ফিল্ড অফিসার মোঃ রেজানুর রহমান সরকার, ফিল্ড অফিসার এবং পরিদর্শক (মেট্রোলজি) মোঃ শাহজাহান।
বিএসটিআই জানিয়েছে, জনস্বার্থে ভেজাল ও নিম্নমানের পণ্য, পরিমাপে কম দেওয়া, অনুমোদন ছাড়া বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার এবং পণ্য মোড়কজাতকরণে অনিয়মের বিরুদ্ধে মোবাইল কোর্ট ও বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।


































