নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে হোসেন (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ওই বাসার গাড়িচালক ছিলেন। তার কাছ থেকে চুরি যাওয়া ৪৯ ভরি ১৫ আনা স্বর্ণালংকার ও ৮ ভরি ১৪ আনা রূপার অলংকার উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ফতুল্লার শিকদার বাজারের গাবতলী ও টাগারপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ১ সেপ্টেম্বর সকাল থেকে দুপুর ১২টা ৫০ মিনিটের মধ্যে শিকদার বাজাররের গাবতলী ও টাগারপাড় এলাকায় একটি বাসায় চুরির ঘটনা ঘটে। সেখানে অজ্ঞাতনামা চোরেরা কৌশলে বাসায় ঢুকে নগদ ২ লাখ ২০ হাজার টাকা, স্বর্ণালংকার, রূপার অলংকার ও সিসি ক্যামেরার ডিভিআর নিয়ে যায়। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ১০ লাখ ৫০ হাজার টাকা।
এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ফতুল্লা মডেল থানায় চুরির মামলা করা হয়। মামলার তদন্তে ঘটনাস্থলের আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করে পুলিশ। এতে ঘটনার দিন ওই বাসার গাড়িচালক হোসেনকে পরিবারের সদস্যদের অগোচরে বাসায় প্রবেশ করতে এবং কিছুক্ষণ পর বের হয়ে যেতে দেখা যায়।
পুলিশের ভাষ্য, ওই ফুটেজের ভিত্তিতে হোসেনের গতিবিধির ওপর নজরদারি শুরু করা হয়। পরবর্তীতে গ্রেপ্তারের পর হোসেনের হেফাজত থেকে ৪৯ ভরি ১৫ আনা স্বর্ণালংকার ও ৮ ভরি ১৪ আনা রূপার অলংকার উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার হোসেনের বাড়ি শেরপুর সদর উপজেলার চাপাতলী এলাকায়। বর্তমানে তিনি ফতুল্লার চানমারি এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন।
পুলিশ কর্মকর্তারা জানান, গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে। চুরি যাওয়া অন্য মালামাল উদ্ধার এবং এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।


































