নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

১৫ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে গাড়ি চালককে ছুরিকাঘাতে হত্যা, আটক ১

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১০:০৩, ১৫ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে গাড়ি চালককে ছুরিকাঘাতে হত্যা, আটক ১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোঃ রনি (৪১) নামে এক গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আল আমিন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রবিবার (১৫ নভেম্বর) ভোর ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি তেরা মার্কেট এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।


 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার ভোরে মিজমিজি তেরা মার্কেট এলাকায় মোঃ রনির সঙ্গে আল আমিন নামে এক ব্যক্তির কথা-কাটাকাটি ও বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হলে আল আমিন ধারালো অস্ত্র দিয়ে রনিকে আঘাত করেন বলে অভিযোগ উঠেছে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় রনির।


 

ঘটনার পরপরই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আল আমিনকে আটক করে পুলিশ। প্রাথমিকভাবে নারীকে কেন্দ্র করে প্রশ্ন করা ও কথাবার্তার একপর্যায়ে দুজনের মধ্যে বিরোধের সূত্রপাত হয়েছিল বলে জানা গেছে। তবে ঠিক কী কারণে এবং কী পরিস্থিতিতে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমদাদুল হক জানান, প্রাথমিকভাবে ঘটনাটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সময় রনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এ সময় সেখানে উপস্থিত এক নারীকে নিয়ে আল আমিনের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই নারীকে কেন্দ্র করে প্রশ্ন করাকে ঘিরে তাদের মধ্যে  বাগবিতণ্ডা  হয়। পরে আল আমিন ধারালো অস্ত্র দিয়ে রনিকে আঘাত করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায়  আল আমিনকে আটক করা হয়েছে। 

সম্পর্কিত বিষয়: