নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

১৬ নভেম্বর ২০২৬

বন্ধন বাসের বাসের চাপায় গুরুতর আহত পথচারী

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৬:৫৬, ১৬ নভেম্বর ২০২৬

বন্ধন বাসের বাসের চাপায় গুরুতর আহত পথচারী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোঃ ইয়াকুব মিয়া (৩৮) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে ঢাকা নারায়ণগঞ্জ সংযোগ সড়কের জালকুড়ি যুব উন্নয়ন কেন্দ্রের সামনে সাইনবোর্ডগামী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্য অনুযায়ী, ইয়াকুব মিয়া রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়েন। এ সময় পেছন দিক থেকে আসা বন্ধন পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো-ব-১৫-৮৭-২৩) চাপায় মাথায় গুরুতর আঘাত পান।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে সাইনবোর্ড এলাকার প্রো-অ্যাকটিভ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আহত ইয়াকুব মিয়ার বাড়ি পটুয়াখালীর রাঙ্গাবালী থানার বড় বাইছদা গ্রামে। তার বাবার নাম আবুল বাশার মোল্লা। তিনি বর্তমানে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি কড়ইতলা এলাকায় বসবাস করতেন।

 

তবে প্রাথমিকভাবে বাসচালক বা সংশ্লিষ্ট কারও নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি।

 

দুর্ঘটনার খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মোঃ ইউসুফ মিয়া ঘটনাস্থলে উপস্থিত হন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।