নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

১৪ জুন ২০২৬

নারায়ণগঞ্জসহ ১০ জেলায় আইসিইউ  ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:১৮, ১৪ জুন ২০২৬

নারায়ণগঞ্জসহ ১০ জেলায় আইসিইউ  ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন এমপি বলেছেন, স্বাস্থ্য খাতকে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে এবারের বাজেটে জিডিপির জিডিপির ১.০২% অর্থাৎ ৬৯ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে প্রধানমন্ত্রী। ১ জুলাইয়ের পর থেকে স্বাস্থ্য খাতে কিছু বৈপ্লবিক পরিবর্তন দেখা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মন্ত্রী বলেন, সারাদেশে শুধু নারীদের জন্য দেড় হাজার বেডের দুটি স্পেশালাইজড হাসপাতাল করা হবে। যেখানে কিডনি ডায়ালাইসিস, ব্রেস্ট ও ইউটেরাস ক্যান্সার ইউনিট, পঙ্গুত্ব নিরাময় এবং জেনারেল ডেলিভারি সুবিধা থাকবে। দেশের বিভিন্ন অঞ্চলে ১০০০ বেডের আরও ১৮টি হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে।  প্রত্যন্ত অঞ্চল থেকে জরুরি রোগী বহনের জন্য এই হেলথ স্কিমের আওতায় ৪টি হেলিকপ্টার এবং প্রতিটি হাসপাতালে ৫টি করে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স দেওয়া হবে। নিয়োগ দেয়া হবে ১ লক্ষ স্বাস্থ্যকর্মী। যার মধ্যে ৮০ হাজার নারী। এই স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মায়েদের স্বাস্থ্য পরীক্ষা করবে।

রোববার (১৪ জুন) দুপুরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের অডিটরিয়ামে এক অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সহ ১০ টি জেলায় আইসিইউ ইউনিট এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় অন্যান্য ৯টি জেলার সিভিল সার্জনরা ভাচ্যুয়ালী উদ্বোধনী অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।

উদ্বোধন হওয়া জেলাগুলো হলো- নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল, সুনামগঞ্জ, চুয়াডাঙ্গা, জয়পুরহাট, শেরপুর, মাদারীপুর, বাগেরহাট এবং গোপালগঞ্জ। এই হাসপাতালগুলোতে আইসিইউ চালুর পাশাপাশি ৫টি করে অক্সিজেন কনসেন্ট্রেটর, ভেন্টিলেটর এবং প্রয়োজনীয় মেডিকেল অফিসার পদায়ন করা হয়েছে। একই সাথে চলতি সপ্তাহের মধ্যে প্রতিটি আইসিইউতে সিপ্যাপ, বাইপ্যাপ এবং হাইফ্লো নেজাল ক্যানুলা সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছেন মন্ত্রী।

এসময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরী, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি হেলথ)  প্রভাতচন্দ্র বিশ্বাস, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব, জেলা প্রশাসক মো: রায়হান কবির, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

সম্পর্কিত বিষয়: