নারায়ণগঞ্জের বিভিন্ন থানা ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ) জেলার সাতটি থানা ও ডিবি পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদকদ্রব্যের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ৪৪ জন, ওয়ারেন্ট ও অন্যান্য অপরাধে ১৫ জন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ৯ জন রয়েছেন। অভিযানে ইয়াবা ও গাঁজাও উদ্ধার করা হয়েছে।
পুলিশ আরও জানায়, নারায়ণগঞ্জ সদর থানায় ৫০ গ্রাম গাঁজাসহ ৭ জন মাদকসেবী, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ জন এবং অন্যান্য মামলায় ৪ জনসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। ফতুল্লা মডেল থানায় গ্রেপ্তার করা হয় ১০ জন মাদকসেবীকে।
সিদ্ধিরগঞ্জ থানায় ১২ জন মাদকসেবী, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১ জন এবং অন্যান্য মামলায় ২ জনসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়। বন্দর থানায় ৩০টি ইয়াবা বড়িসহ একজন মাদক ব্যবসায়ী, ২ জন মাদকসেবী, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ জন এবং অন্যান্য মামলায় ৩ জনসহ ৮ জন গ্রেপ্তার হন।
রূপগঞ্জ থানায় ৩ জন মাদকসেবী, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১ জন ও অন্যান্য মামলায় ১ জনসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোনারগাঁ থানায় ৭ জন মাদকসেবী, মাদক মামলায় ১ জন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ জন এবং অন্যান্য মামলায় ৪ জনসহ ১৪ জনকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ১০০টি ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন এবং অন্যান্য মামলায় একজনকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই সাথে জেলা জুড়ে মাদক ও অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


































