স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন এমপি বলেছেন, ফ্যাসিস্ট সরকারের ব্যর্থতার কারণে দেশ অনেকটা পিছিয়ে আছে। বিগত সরকার সরকারী কোষাগারে কোন টাকা রেখে যায়নি। আমরা বিচলিত হয়ে পড়েছিলাম। কিন্ত মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিচক্ষণতায় ও তার নির্দেশনায় আমরা হাম-রুবেলা ঠিকাদান ক্যাম্পেন শুরু করেছি।
সোমবার (২০ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে জিন্দাপার্কে "লিটল এনজেলস সেমিনারি"তে দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দ্রুত এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই কর্মসূচির মাধ্যমে শিশুদের সুরক্ষা নিশ্চিত হবে এবং সংক্রমণ দ্রুত কমে আসবে।
হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর ঘটনায় দু:খ প্রকাশ করে মন্ত্রী বলেন, আমি একজন বাবা। আমি নিজেও ব্যথিত।
তিনি আরও বলেন, “শুধু চিকিৎসা নয়, জনসচেতনতা বাড়ানোও জরুরি। শিশুদের সুরক্ষায় টিকাদানের পাশাপাশি পুষ্টি ও যত্ন নিশ্চিত করতে হবে।”
শিশুদের জন্য সবচাইতে বেশি কার্যকরী ঔষুধ মায়ের দুধ। মায়ের দুধ পান করলে বাচ্চার বিভিন্ন রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া সম্ভব। অনেক মায়েরা বিভিন্ন কারণে বাচ্চাকে, ব্রেষ্ট ফিডিং করান না। বাচ্চাদের ব্রেস্ট ফিডিং করানোর জন্য মায়েদের প্রতি আহবান জানান মন্ত্রী।
মন্ত্রী আরও জানান, দেশে প্রথম শিশু মৃত্যুর পরপরই আইসিইউ সুবিধা বৃদ্ধি, ভেন্টিলেটর সরবরাহসহ জরুরি স্বাস্থ্যসেবা জোরদার করা হয়েছে। একইসঙ্গে আন্তর্জাতিক সংস্থা গ্যাভি ও ইউনিসেফের সহায়তায় দ্রুত টিকা সংগ্রহ করে এই কর্মসূচি চালু করা হয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “বর্তমান পরিস্থিতিকে মহামারি বলা যাবে না। সরকার দ্রুত ব্যবস্থা নেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
রুপগঞ্জের এমপি মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপুর আবেদনের প্রেক্ষিতে আগামি বাজেটে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নতি করার ঘোষনা দেন মন্ত্রী।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সসদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব কমিশন মেগান বলডিন, ইউনিসেফ বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেনটিভ এম্মানিউলি এবরিউক্স, বিশ্ব স্বাস্থ সংস্থার বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেনটিভ ডা. রাজেশ নরওয়ে, স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা: প্রভাত চন্দ্র বিশ্বাস, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির, জেলা সিভিল সার্জন ডা: মশিউর রহমান সহ অন্যান্যরা।
হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাপ্তাহিক ছুটি ছাড়া বাকি দিনগুলোতে সকাল ৮টা থেকে সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এই টিকা দেওয়া হবে।


































