নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০৯ অক্টোবর ২০২৬

কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় নারায়ণগঞ্জ সদরে কর্মশালা

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৪:০২, ৮ অক্টোবর ২০২৬

কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় নারায়ণগঞ্জ সদরে কর্মশালা

৩৩ শিক্ষা প্রতিষ্ঠানের ১৬৫ শিক্ষার্থী-শিক্ষকের অংশগ্রহণ, ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন

কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা, মাসিককালীন স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলায় ‘কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা: আজকের যত্ন, আগামীর সুস্থতা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

Climate Resilient Campus Initiative-এর আওতায় নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় উপজেলার ৩৩টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৬৫ জন শিক্ষার্থী ও শিক্ষক অংশ নেন।

কর্মশালায় কিশোরীদের শারীরিক ও মানসিক সুস্থতা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, মাসিক স্বাস্থ্যবিধি, নিরাপদ স্যানিটেশন এবং স্বাস্থ্যকর জীবনযাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

আলোচনায় বক্তারা বলেন, কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা শুধু ব্যক্তিগত সুস্থতার বিষয় নয়; এর সঙ্গে তাদের শিক্ষা, আত্মবিশ্বাস, ভবিষ্যৎ কর্মজীবন ও সামগ্রিক সামাজিক উন্নয়ন জড়িত। তাই বিদ্যালয় পর্যায় থেকেই কিশোরীদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করে তোলার পাশাপাশি নিরাপদ পানি, পরিচ্ছন্ন স্যানিটেশন ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি।

কর্মশালা শেষে ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানে কিশোরীদের জন্য স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ করা হয়। এসব মেশিনের মাধ্যমে শিক্ষার্থীরা প্রয়োজনের সময়ে সহজে স্যানিটারি প্যাড সংগ্রহ করতে পারবে। এতে মাসিককালীন স্বাস্থ্য ব্যবস্থাপনায় গোপনীয়তা, নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেলিনা এ চৌধুরী।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে কিশোরীদের স্বাস্থ্য ও মাসিককালীন স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা বাড়ার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব স্যানিটেশন ব্যবস্থাপনা আরও জোরদার হবে।

সম্পর্কিত বিষয়: