ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে নারায়ণগঞ্জ জেলার সকল উপজেলা ও ইউনিয়নে একযোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
এর অংশ হিসেবে শনিবার (২৬ সেপ্টেম্বর) আড়াইহাজার উপজেলায় আয়োজিত কর্মসূচিতে অংশ নেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। এ সময় তিনি উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বিষয়ে মতবিনিময় করেন।
পরে জেলা প্রশাসক সচেতনতামূলক র্যালিতে অংশ নেন এবং স্থানীয়দের সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা করেন। কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে আয়োজিত কর্মসূচিতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণ অংশ নেন। ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান জেলা প্রশাসক মো. রায়হান কবির।


































