নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৪ জুলাই ২০২৬

শিশু রাইয়ানকে ঘিরে বিভ্রান্তিকর প্রচারণা:  প্রকৃত ঘটনা তুলে ধরল পপুলার 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:০৭, ১৪ জুলাই ২০২৬

শিশু রাইয়ানকে ঘিরে বিভ্রান্তিকর প্রচারণা:  প্রকৃত ঘটনা তুলে ধরল পপুলার 

১৬ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসাসেবা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড। প্রতিষ্ঠানটির দাবি, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের সুনাম ক্ষুণ্ন করার লক্ষ্যে অপপ্রচার চালাচ্ছে। তবে শিশুটির পরিবারের পক্ষ থেকে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে কোনো অভিযোগ করা হয়নি এবং বর্তমানে শিশুটি সম্পূর্ণ সুস্থ হয়ে বাসায় ফিরেছে।

 মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে প্রতিষ্ঠানটির এডিমিন ইনচার্জ সোহেল রানা সাক্ষ্যরিত প্রেস বিজ্ঞপ্তিতে দেওয়া ব্যাখ্যায় জানানো হয়, গত ৮ জুলাই ২০২৬ তারিখে ১৬ মাস বয়সী রাইয়ান একজন বিশেষজ্ঞ সার্জনের পরামর্শে অস্ত্রোপচারের পূর্বপ্রস্তুতির অংশ হিসেবে প্রয়োজনীয় কিছু পরীক্ষা-নিরীক্ষা করাতে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে আসে। সে সময় প্রতিষ্ঠানের অভিজ্ঞ মেডিকেল টিম যথাযথ নিয়ম অনুসরণ করে তার রক্তের নমুনা সংগ্রহ করে।

পরদিন রিপোর্ট সংগ্রহ করতে এসে শিশুটির অভিভাবক জানান, রাইয়ানের হাতের নখ থেকে বাহু পর্যন্ত ফোলা দেখা দিয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তাৎক্ষণিকভাবে বিশেষজ্ঞ সার্জন ডা. এ কে এম শফিউল আলম ফেরদৌস, শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সাইফুল আজম এবং শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. দেলোয়ার হোসেনের পরামর্শ নেওয়া হয়।

চিকিৎসকদের পর্যবেক্ষণে শিশুটির হাতে সেলুলাইটিস নামের এক ধরনের প্রদাহজনিত রোগ শনাক্ত হয়। বিশেষজ্ঞদের মতে, এটি দ্রুত বিস্তার লাভ করতে পারে এবং এর লক্ষণ আগের দিন থেকেই প্রকাশ পেতে শুরু করেছিল। তারা আরও মত দেন, এ সমস্যার সঙ্গে রক্তের নমুনা সংগ্রহের কোনো সম্পর্ক নেই; বরং এটি শিশুটির শরীরে আগে থেকেই বিদ্যমান রোগজনিত অবস্থা।

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকা শিশু হাসপাতাল অথবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণ শেষে শিশুটি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে।

পপুলার ডায়াগনস্টিক সেন্টার জানায়, মানবিক দায়িত্ববোধ থেকে চিকিৎসাকালীন পুরো সময় তারা শিশুটির সার্বিক খোঁজখবর রেখেছে এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও বলা হয়, সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জসহ আশপাশের জেলার মানুষের আস্থা নিয়ে তারা চিকিৎসাসেবা দিয়ে আসছে। তাই যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর বা উদ্দেশ্যপ্রণোদিত কোনো তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার না করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সম্পর্কিত বিষয়: