নারায়ণগঞ্জ বন্দরের ঐতিহাসিক লাঙ্গলবন্দে আদি ব্রহ্মপুত্র নদের তীরে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব 'মহাষ্টমী স্নানোৎসব'।
বুধবার (২৫ মার্চ) বিকাল ৫টা ১৭ মিনিটে শুরু হয়েছে এই স্নানোৎসব । শেষ হবে বৃহস্পতিবার দুপুর ২টা ৫৯ মিনিটে।
পাপমুক্তির আশায় দেশ-বিদেশের লাখো পুণ্যার্থীর পদচারণায় মুখরিত হয়ে উঠেছে লাঙ্গলবন্দ এলাকা।
ভারত, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশ থেকেও ভক্তরা এ স্নানোৎসবে অংশ নিতে এসেছেন।
উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র্যাব ও আনসারের সমন্বয়ে বহুস্তর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি সিসিটিভি নজরদারি, মেডিকেল টিম ও স্বেচ্ছাসেবক দল সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।
পুণ্যার্থীদের সুবিধার্থে ২৪টি স্নানঘাট সংস্কার, নদের কচুরিপানা অপসারণ এবং পর্যাপ্ত বিশুদ্ধ পানির জন্য ৪৭টি নলকূপ স্থাপন করা হয়েছে। এছাড়া নারীদের কাপড় পরিবর্তনের জন্য বিশেষ কক্ষ ও ১০০টি অস্থায়ী টয়লেট নির্মাণ করা হয়েছে


































