নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার সস্তাপুর এলাকায় কথিত ভূমিদস্যু, দখলদার, চাঁদাবাজ ও প্রতারক আব্দুল হান্নান রাহাত এবং তার সহযোগীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৃহত্তর সস্তাপুর এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী মোহাম্মদ নজুম উদ্দিন, মনজুর আলম মঞ্জু, রানা, মোহাম্মদ রহিম উদ্দিন, সালমা বেগম ও রেহেনা আক্তার।
বক্তারা অভিযোগ করেন, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আব্দুল হান্নান রাহাত ছাত্র আন্দোলনের পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করছেন। তার সহযোগী শমসের আলী, মামুন, শাওন, রোকেয়া ও নাসিমাকে নিয়ে তিনি নিরীহ মানুষের জমি দখল, চাঁদাবাজি ও প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছেন বলে দাবি করেন তারা।
এলাকাবাসীর অভিযোগ, রাহাত ও তার সহযোগীদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তাকে প্রাণনাশের হুমকি এবং মিথ্যা মামলায় জড়ানোর ভয় দেখানো হয়। ফলে অনেকেই ভয়ে মুখ খুলতে সাহস পান না।
মানববন্ধনে আরও অভিযোগ করা হয়, রাহাত শুধু এলাকাবাসীর সঙ্গেই নয়, নিজের পরিবারের সদস্যদের সঙ্গেও প্রতারণা করেছেন। তিনি কৌশলে তার বাবা নজুম উদ্দিন, চাচা রহিম উদ্দিন এবং বড় ভাই রানার সম্পত্তি ও নগদ অর্থ আত্মসাৎ করেছেন বলে দাবি করা হয়।
মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে নজুম উদ্দিন বলেন, “রাহাত আমার ছেলে হলেও সে আমাকে ছাড় দেয়নি। আমাকে মারধর করে জমি ও নগদ অর্থ হাতিয়ে নিয়েছে। আমার নিজের বসতবাড়িতে উঠতে পারি না, ভাড়াটিয়াদের কাছ থেকে ভাড়াও নিতে পারি না। ভাড়াটিয়াদের ভয়ভীতি দেখিয়ে সে সব টাকা নিয়ে যায়। আমি সবসময় আতঙ্কে থাকি।”
তিনি আরও বলেন, “আমার বড় ছেলেও পৈতৃক সম্পত্তির বৈধ অংশীদার। কিন্তু রাহাত কৌশলে সব সম্পত্তি নিজের নিয়ন্ত্রণে নিয়ে তাকে বঞ্চিত করেছে। আমি প্রশাসনের কাছে রাহাত ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
মানববন্ধন থেকে বক্তারা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, মানববন্ধনে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্ত আব্দুল হান্নান রাহাত বা তার সহযোগীদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।


































