নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১৮ জুন ২০২৬

ভুয়া ভিডিও বানিয়ে প্রবাসীর স্ত্রীর ২ লাখ ৯০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:১৪, ১৮ জুন ২০২৬

ভুয়া ভিডিও বানিয়ে প্রবাসীর স্ত্রীর  ২ লাখ ৯০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র

নারায়ণগঞ্জের বন্দরে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ভিডিও তৈরি এবং প্রবাসী স্বামীর ইমো (Imo) অ্যাকাউন্ট হ্যাক করে তার স্ত্রীর কাছ থেকে ২ লাখ ৯০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে।

 

এ ঘটনায় প্রতারণার শিকার গৃহবধূ রুজিনা আক্তার বৃহস্পতিবার (১৮ জুন) বন্দর থানায় একটি মামলা দায়ের করেছেন।

 

মামলার অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, রুজিনা আক্তারের স্বামী দীর্ঘদিন ধরে প্রবাসে কর্মরত রয়েছেন। গত ১ মে তার স্বামীর ইমো অ্যাকাউন্ট হ্যাক করে একটি প্রতারক চক্র। পরে সেই অ্যাকাউন্ট থেকে রুজিনাকে জানানো হয় যে, তার স্বামীকে পুলিশ গ্রেপ্তার করেছে।

 

বিশ্বাসযোগ্যতা তৈরি করতে প্রতারকরা এআই প্রযুক্তির মাধ্যমে প্রবাসী স্বামীর চেহারা ও কণ্ঠস্বর নকল করে একটি ভুয়া ভিডিও তৈরি করে রুজিনার কাছে পাঠায়। ভিডিওতে স্বামীকে বিপদে পড়েছেন বলে মনে হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন তিনি।

 

প্রতারকরা প্রথমে স্বামীকে পুলিশি ঝামেলা থেকে মুক্ত করার কথা বলে ৬৩ হাজার টাকা দাবি করে। স্বামীকে উদ্ধার করার আশায় রুজিনা দুই দফায় বিকাশের মাধ্যমে ওই টাকা পাঠিয়ে দেন।

 

এরপর বিভিন্ন অজুহাতে আরও এক লাখ টাকা দাবি করা হলে তিনি তিন দফায় সেই অর্থও পরিশোধ করেন। পরবর্তীতে আবারও এক লাখ টাকা দাবি করা হলে স্বামীর নিরাপত্তার কথা চিন্তা করে সেটিও পাঠিয়ে দেন। এভাবে ধাপে ধাপে মোট ২ লাখ ৯০ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্রটি।

 

সব টাকা নেওয়ার পর হঠাৎ করেই প্রতারকরা যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। পরে রুজিনা তার স্বামীর সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন, তিনি সম্পূর্ণ সুস্থ ও নিরাপদে রয়েছেন এবং গ্রেপ্তারের খবর ও ভিডিওটি ছিল সম্পূর্ণ সাজানো ও ভুয়া।

 

ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর তিনি বন্দর থানায় মামলা দায়ের করেন।

 

এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোক্তার আশরাফউদ্দিন বলেন, “প্রযুক্তির অপব্যবহার করে প্রবাসীর স্ত্রীর সঙ্গে প্রতারণার ঘটনায় একটি মামলা হয়েছে। প্রতারক চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনা এবং প্রতারণার অর্থ উদ্ধারে পুলিশ কাজ শুরু করেছে।”

 

পুলিশ এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার জন্য সাধারণ মানুষকে পরামর্শ দিয়েছে। বিশেষ করে কোনো আর্থিক লেনদেনের আগে সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে সরাসরি যোগাযোগ করে তথ্য যাচাই করার আহ্বান জানিয়েছে।

সম্পর্কিত বিষয়: