নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

২২ জুন ২০২৬

আড়াইহাজারে নিখোঁজ শিশুর মরদেহ ডোবা থেকে উদ্ধার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:২৪, ২২ জুন ২০২৬

আড়াইহাজারে নিখোঁজ শিশুর মরদেহ ডোবা থেকে উদ্ধার

 

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিখোঁজ হওয়ার একদিন পর বাড়ির পাশের একটি ডোবা থেকে দেড় বছর বয়সী এক শিশুকন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে শিশুটির পরিবারের দাবি, তাকে হত্যা করে মরদেহ ডোবায় ফেলে রাখা হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ইদবারদী এলাকার বাসিন্দা মাঈদুল ইসলামের দেড় বছর বয়সী কন্যা মারজিয়া আক্তার শনিবার (২০ জুন) বিকেল থেকে নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে এ ঘটনায় আড়াইহাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

সোমবার (২২ জুন) সকালে বাড়ির পাশের একটি ডোবায় শিশুটির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহত শিশুটির বাবা মাঈদুল ইসলাম অভিযোগ করে বলেন, “এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়। আমার মেয়েকে হত্যা করে মরদেহ ডোবায় ফেলে রাখা হয়েছে।” তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।”