নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক তিনটি অভিযানে ইয়াবা ও হিরোইনসহ ৫ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে (৫ জুন) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১১০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, প্রথম অভিযানে রাত ৩টায় সিদ্ধিরগঞ্জের ৮ নম্বর ওয়ার্ডের গোদনাইল উত্তর শান্তিনগর এলাকায় ইউসুফ আলীর দোকানের সামনে থেকে মো. আবু ইউসুফ (২৯) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
এর আগে রাত পৌনে ১টায় ১ নম্বর ওয়ার্ডের মিতালী মার্কেটের একটি দোকানে অভিযান চালিয়ে মো. মহিন উদ্দিন (৩৮), মো. ইউসুফ ওরফে সোহাগ (২৪) এবং মো. শিহাব শেখ (২০) নামে তিনজনকে আটক করা হয়।
পরে রাত সাড়ে ৩টায় হিরাঝিল ৩ নম্বর গলি মসজিদ রোড এলাকায় অভিযান চালিয়ে সাইদুর রহমান আওলাদ (৫২) নামে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতদের দেহ তল্লাশি করে তাদের হেফাজত থেকে ৬৫ পিস ইয়াবা ও ১১০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট ধারায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

































