নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৬ জুন ২০২৬

রূপগঞ্জে এনসিপির ফল উৎসবের মঞ্চ ভাংচুর, হামলায় আহত ১০

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:০০, ৬ জুন ২০২৬

রূপগঞ্জে এনসিপির ফল উৎসবের মঞ্চ ভাংচুর, হামলায় আহত ১০

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির আগমন উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফল উৎসব অনুষ্ঠানের তৈরি করা মঞ্চ দুই দফায় ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। এ সময় হামলাকারীরা মঞ্চের সামনে থাকা চেয়ার টেবিল ভাঙচুর করে এবং প্যান্ডেল খুলে ফেলে। প্রতিবাদ করতে গিয়ে এনসিপির অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করা হয়েছে।

 

শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি প্রাথমিক বিদ্যালয় মাঠে রূপগঞ্জ উপজেলার এনসিপির আয়োজনে ফল উৎসবের আয়োজন করা হয়। শনিবার বিকেলে অনুষ্ঠিত ফল উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জাতীয় নাগরিক পাটিরর (এনসিপি) মুখ্যপাত্র নাসির উদ্দিন পাটোয়ারী। ফল উৎসব কে ঘিরে আগের দিন থেকেই প্যান্ডেল ও মঞ্চ তৈরির কাজ চলছিল।  

শুক্রবার সন্ধ্যা ৮টার দিকে একদল দুর্বৃত্ত হুন্ডা মহড়া দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওই মঞ্চ ও প্যান্ডেল ভেঙে ফেলে। এতে করে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।

এরপর স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ফল উৎসব সফল করার লক্ষ্যে আবারো প্রস্তুতি নেয় এনসিপি নেতাকর্মীরা।

পরে শনিবার ৩টার দিকে প্যান্ডেল ও মঞ্চ তৈরীর প্রস্তুতি চলাকালীন সময়ে হঠাৎ করে ৫০ থেকে ৬০ টি মোটরসাইকেল যোগে একদল দুর্বৃত্ত দেশীয় ও ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে মঞ্চ ভাঙচুর শুরু করেন । এ সময় মঞ্চের সামনের চেয়ার টেবিল ভাংচুর করে প্যান্ডেলও খুলে ফেলে তারা। এসময় দুর্বৃত্তদের হামলায় এনসিপির রূপগঞ্জ উপজেলা যুগ্ন সদস্য সচিব ফারাবি হাসান, নারায়ণগঞ্জ জেলা যুগ্ন সদস্য সচিব ইউসুফ মোল্লা,

জাতীয় যুব শক্তি কেন্দ্রীয় সংসদ সিনিয়র সহ সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাতসহ এনসিপির অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছে বলে তারা দাবি করেছেন। আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে ভর্তি করা হয়েছে। পরে ঘটনাস্থল পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

 

 এনসিপি নেতাকর্মীদের অভিযোগ, আওয়ামী ফ্যাসিবাদি কায়দায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদের নেতৃত্বে ছাত্রদল নেতাকর্মী ফল উৎসবের প্যান্ডেল ভাঙচুরের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে । এ ধরনের ঘটনা আশা করেননি তারা। পুলিশের সামনেই তারা হামলা ভাঙচুরের ঘটনা ঘটিয়েছেন। দলের নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে মারাত্মক যখন করেছেন। যা ফ্যাসিবাদীকেও হার মানায়।

 

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ বলেন, আমি এসব ব্যাপারে কিছুই জানিনা। শুধু শুধু আমার ব্যাপারে অপপ্রচার চালানো হচ্ছে।

 

নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সরকারি পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, এনসিপির একটি ফল উৎসবের প্রোগ্রামে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমরা ঘটনাস্থলে পুলিশ প্রশাসন নিয়োজিত রয়েছি। তারা নির্বিঘ্নে তাদের ফল উৎসবের প্রোগ্রাম করতে পারবেন।