নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১১ জুন ২০২৬

ফিলিন্তিনের পক্ষে গণসংহতি আন্দোলনের সংহতি সমাবেশ

প্রেস বিজ্ঞপ্তি :

প্রকাশিত:২২:১৭, ৩ মে ২০২৪

ফিলিন্তিনের পক্ষে গণসংহতি আন্দোলনের সংহতি সমাবেশ

গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে ফিলিন্তিনের নিপীড়িত জনগণের পক্ষে শুক্রবার (৩ মে) বিকালে প্রেসক্লাবের সামনে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

গণসংহতি আন্দোলন জেলার সমন্বয়কারী তরিকুল সুজনের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক শুভ দেবের সঞ্চালনায় উক্ত সমাবেশে বক্তব্য রাখেন দলের নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, কার্যকরী সদস্য আলমগীর হোসেন আলম, মহানগর কমিটির নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার, সাংগঠনিক সম্পাদক তাকবীর হোসেন, ফতুল্লা থানা কমিটির আহ্বায়ক জাহিদ সুজন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের জেলা সভাপতি ফারহানা মুনা, প্রথম আলো বন্ধুসভার জেলার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, সুবর্ণদিন ফাউন্ডেশনের ভলেন্টিয়ার জাহাঙ্গীর আলম ঈমন সহ প্রমুখ নেতৃবৃন্দ।

 

তরিকুল সুজন বলেন, এই আগ্রাসন শুধু ইসরাইল করছে না, যারা তাদের সহযোগী তারা সবাই এই অগ্রাসন করেছে। শিশুদের ওপর শুধু ইসরায়েলিরা বোমা মারে না। যারা ইসরায়েলকে সমর্থন দিয়ে সহযোগিতা করে তারা সবাই এই বোমা মারছে। ফিলিস্তিনিদের যেখানে শত বছর ধরে বসবাস সেখানে তাদের সামরিক শক্তির বলে গত ৭০ বছর ধরে গণহত্যা চালিয়ে যাচ্ছে। এই জায়নবাদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। হামাস নিজ ভূখণ্ডের জন্য লড়াই করলে পশ্চিমারা তাদের বলে সন্ত্রাসী সংগঠন। আর ইসরাইলিরা যখন ফিলিস্তানের নিরীহ জনগণের উপর বোমা বর্ষণ করে তখন তারা বলে এটা ইসরাইলের আত্মরক্ষার অধিকার। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের এধরনের বক্তব্যের তীব্র নিন্দা জানাই। এবং পরিস্কার ভাবে বলি, ইসরাইলকে যারা সহযোগিতা করে তারা সবাই গণহত্যার সহযোগি। অঞ্জন দাস বলেন, ফিলিস্তিনিরা নিজ দেশের ভূমির জন্য একটি সন্ত্রাসী বাহিনীর সঙ্গে যুদ্ধ করছে। ইসরাইলি অগ্রাসনে শিশু, নারীসহ হাজার হাজার বেসামরিক মানুষ গণহত্যার শিকার হচ্ছে, আমরা এর তীব্র নিন্দা জানাই। সমগ্র পৃথিবীর মতো বাংলাদেশের জনগণও যখন ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পক্ষে অবস্থান নিচ্ছে। তখন আমাদের দেশের সরকার নির্বিকার। তারা একটা নিন্দা প্রস্তাব পর্যন্ত জানাতে পারেনি। বরং বাংলাদেশ থেকে পূর্বে ইসরাইল যাওয়ার যে নিষেধাজ্ঞা ছিলো, সেটা এবার এসে তারা উঠিয়ে দিয়েছে। ইসরায়েল থেকে প্রযুক্তিগত জিনিস কিনছে। সাধারণ মানুষের ফোনে আঁড়ি পাতছে। বাংলাদেশ সরকারকে যেমন ভারত ক্ষমতায় রেখেছে, তেমনি মার্কিন সরকার টিকে আছে ইসরায়েলি জায়নবাদের উপর ভিত্তি করে। এদের সকলের গোড়া এক। তাই বিরোধিতা করা তাদের পক্ষে সম্ভব না। কিন্তু আমরা আমাদের প্রতিবাদ জানিয়ে যাবো। আমাদের সবার উচিৎ সব নিপীড়নের বিরুদ্ধে কথা বলা।

সম্পর্কিত বিষয়: