নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৪ অক্টোবর ২০২৬

অটোপাসের মাধ্যমে শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছিল: এমপি আবুল কালাম

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:০১, ১৪ অক্টোবর ২০২৬

অটোপাসের মাধ্যমে শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছিল: এমপি আবুল কালাম

পতিত সরকারের শাসনামলে অটোপাসের মাধ্যমে শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছিল বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। তিনি বলেন, শিক্ষাব্যবস্থার সেই অবস্থা থেকে উত্তরণে আধুনিক ও গণমুখী শিক্ষার প্রসারে কাজ করছে বর্তমান সরকার।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় নারায়ণগঞ্জের বন্দরের সোনাকান্দা নৌবাহিনী ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘আলহাজ মো. ফজলুল করিম স্মৃতি আন্তঃমাধ্যমিক বিতর্ক প্রতিযোগিতা’র চূড়ান্ত পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবুল কালাম বলেন, “বিতর্ক মানে বিরোধ নয়। বিতর্কের মাধ্যমে যৌক্তিক সিদ্ধান্তে উপনীত হওয়া যায়।” শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তাভাবনা ও মেধা বিকাশে এ ধরনের সুসংগঠিত বিতর্ক প্রতিযোগিতা নিয়মিত আয়োজনের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের সার্বিক সহায়তায় এবং মো. মঞ্জুরুল করিমের পৃষ্ঠপোষকতায় ‘বন্দর ক্লাব লিমিটেড’ এ প্রতিযোগিতার আয়োজন করে। এতে বন্দরের ৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিতর্কের বিষয় ছিল—‘সামাজিক যোগাযোগমাধ্যম শিক্ষার্থীদের শিক্ষাবিমুখ করছে’। বিচারকদের রায়ে বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন এবং ড. আফজাল হোসেন স্কুল অ্যান্ড কলেজ রানার্সআপ হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে নগদ অর্থ ও স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়।

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আলীনুর খান, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম ও চিত্রশিল্পী সানাউল আরেফিন।