ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, সিলেট, চট্টগ্রামসহ দেশের ১০/১২ টি জেলায় মারাত্মক বন্যায় জনজীবন খুবই বিপর্যস্ত। জেলাগুলির বিভিন্ন অঞ্চলে লাখো লাখো মানুষ পানিবন্দি। বাড়িঘর ভেসে যাওয়ায় খাদ্যের অভাবে মানুষ মানবেতর জীবন অতিবাহিত করছে।
বন্যার্ত মানুষদের সহায়তা করার জন্য বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ নারায়ণগঞ্জ জেলার নেতাকর্মীরা শনিবার (২৪ আগষ্ট) বিকাল ৪ টা থেকে ১০ টা পর্যন্ত শহরের ২ নং রেল গেইট এলাকায় মানুষের কাছ থেকে ত্রাণ সংগ্রহ করে।
এসময় উপস্থিত ছিলেন বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, বাসদ নেতা এস এম কাদির, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক, নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক সাইফুল ইসলামসহ নেতৃবৃন্দ।
এসময় নেতৃবৃন্দ বলেন, ভয়াবহ বন্যায় দেশের বিস্তীর্ণ অঞ্চলের মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। উপদ্রুত অঞ্চল ঘোষণা করে জরুরি অগ্রাধিকারের ভিত্তিতে পানিবন্দি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনা, পর্যাপ্ত ত্রাণ সহায়তা প্রদান করে মানুষকে বাচানো ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের জন্য সরকারকে সর্বোচ্চ উদ্যোগ নিতে হবে।
পাশাপাশি নেতৃবৃন্দ ভারত সরকারের পানি আগ্রাসন নীতির মাধ্যমে শুষ্ক মৌসুমে শুকিয়ে মারা ও বর্ষার সময় বন্যার পানিতে ডুবানোর বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন এবং পূর্ব সতর্কতা ছাড়া বাঁধের গেইট খুলে দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সাথে বাংলাদেশ সরকার, পানি সম্পদ মন্ত্রণালয়, নদী কমিশনের সদস্যদের যথা সময়ে পদক্ষেপ না নেয়া এবং দায়িত্বহীনতায় ক্ষোভ প্রকাশ করেন।
নেতৃবৃন্দ দেশের অভ্যন্তরে নদী খাল দখল করে যারা পানির স্বাভাবিক প্রবাহকে বন্ধ করেছে তাদের বিরুদ্ধেও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। নেতৃবৃন্দ সমাজের সর্ব স্তরের মানুষকেও বন্যার্তদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতার আহ্বান জানান।


































