নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

১৪ জুন ২০২৬

বন্দরে স্কুল ভবনের নিচে এলপি গ্যাস ব্যবসা, আতঙ্কে শিক্ষার্থী ও অভিভাবকরা

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:৪৫, ১৪ জুন ২০২৬

বন্দরে স্কুল ভবনের নিচে এলপি গ্যাস ব্যবসা,  আতঙ্কে শিক্ষার্থী ও অভিভাবকরা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের বন্দর বাজার মসজিদ সংলগ্ন এলাকায় অবস্থিত হিকমাহ ইন্টারন্যাশনাল স্কুল ভবনের নিচতলায় দীর্ঘদিন ধরে অনুমোদনবিহীন এলপি গ্যাস সিলিন্ডারের ব্যবসা পরিচালিত হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, ‘হাজী ট্রেডার্স’ নামে একটি প্রতিষ্ঠান লোকালয়ের মধ্যে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে গ্যাস সিলিন্ডার বিক্রি করে আসছে, যা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, স্বনামধন্য এ শিক্ষাপ্রতিষ্ঠানটির নিচতলায় বিপুল পরিমাণ দাহ্য গ্যাস সিলিন্ডার মজুদ ও বিক্রি করা হচ্ছে। প্রতিদিন শত শত শিক্ষার্থী ওই ভবনে যাতায়াত করলেও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে রয়েছে নানা প্রশ্ন।

 

একজন অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে বলেন, “হিকমাহ ইন্টারন্যাশনাল স্কুল একটি ভালো শিক্ষাপ্রতিষ্ঠান। কিন্তু স্কুল ভবনের নিচে গ্যাস সিলিন্ডারের ব্যবসা পরিচালিত হওয়ায় আমরা সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে।”

 

অন্য অভিভাবকরাও বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, সাম্প্রতিক বিভিন্ন দুর্ঘটনার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। তারা আশঙ্কা প্রকাশ করেন, প্রশাসনের নজরদারির অভাবে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটার আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

 

স্থানীয় সচেতন নাগরিকরাও মনে করেন, জনবহুল এলাকায় এবং বিশেষ করে একটি স্কুল ভবনের নিচে দাহ্য পদার্থের ব্যবসা নিরাপত্তা বিধির পরিপন্থী। তারা দ্রুত এ বিষয়ে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

 

এ বিষয়ে জানতে চাইলে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার বলেন, “স্কুল ভবনের নিচে এলপি গ্যাস বিক্রির বিষয়ে আমার কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য ছিল না। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে। তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

এদিকে স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তাদের দাবি, শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ঝুঁকিপূর্ণ এ ব্যবসা দ্রুত অপসারণ বা নিরাপদ স্থানে স্থানান্তর করা প্রয়োজন।

সম্পর্কিত বিষয়: