নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

১৪ জুন ২০২৬

ত্বকী হত্যা মামলায় জামশেদ শেখ ফের দুই দিনের রিমান্ডে

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:৪৪, ১৪ জুন ২০২৬

ত্বকী হত্যা মামলায় জামশেদ শেখ ফের দুই দিনের রিমান্ডে

নারায়ণগঞ্জের বহুল আলোচিত তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার অন্যতম অভিযুক্ত আজমেরী ওসমানের ব্যক্তিগত গাড়িচালক জামশেদ শেখকে (৩৮) পুনরায় দুই দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

 

রোববার (১৪ জুন) সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাতের আদালত এ আদেশ দেন। বিষয়টি বিকেলে নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ।

 

তিনি জানান, মামলার তদন্তকারী সংস্থা র‌্যাব গত ৪ জুন জামশেদ শেখকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ সম্পন্ন করা সম্ভব না হওয়ায় র‌্যাব পুনরায় রিমান্ডের আবেদন করে। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আবারও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

এর আগে, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের প্রেক্ষাপটে গত ১১ সেপ্টেম্বর জামশেদ শেখকে গ্রেপ্তার করে র‌্যাব। ওই দিনই তাকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। প্রায় দেড় বছর পর একই মামলায় তাকে আবারও রিমান্ডে নেওয়া হলো।

 

উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ বিকেলে নারায়ণগঞ্জ শহরের শায়েস্তা খান সড়কের বাসা থেকে বের হয়ে একটি পাঠাগারে যাওয়ার পথে নিখোঁজ হন মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী। দুই দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

এ ঘটনায় ত্বকীর বাবা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাগরিক আন্দোলনের নেতা রফিউর রাব্বি নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। তিনি দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন যে সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তার ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমান এবং তাদের সহযোগীরা ত্বকীকে অপহরণের পর হত্যা করেন।

 

মামলার তদন্তে উঠে আসে, জামশেদ শেখ ছিলেন আজমেরী ওসমানের ব্যক্তিগত গাড়িচালক। র‌্যাবের তদন্তে দাবি করা হয়, ত্বকীকে হত্যার পর মরদেহ শীতলক্ষ্যা নদীতে ফেলে দেওয়ার কাজে ব্যবহৃত গাড়িটি জামশেদই চালিয়েছিলেন।

 

তবে আলোচিত এ হত্যাকাণ্ডের ১৩ বছর পার হলেও মামলার তদন্ত এখনো শেষ হয়নি। তদন্তকারী সংস্থা এখনো আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দিতে পারেনি। ফলে মামলার বিচার কার্যক্রমও শুরু করা সম্ভব হয়নি।

 

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট প্রদীপ ঘোষ বাবু জানিয়েছেন, গত ১ জুন মামলার ১০৪তম ধার্য তারিখে আদালত র‌্যাবকে আগামী ১ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন বা অভিযোগপত্র দাখিলের নির্দেশ দিয়েছেন। যদিও এর আগেও একাধিকবার আদালতের নির্দেশনার পর তদন্ত সংস্থা সময় বৃদ্ধির আবেদন করেছে।

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন