নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০১ সেপ্টেম্বর ২০২৬

নাসিকের আওতায় ১ লাখ ৪০ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৭:২০, ২৪ জুন ২০২৬

নাসিকের আওতায় ১ লাখ ৪০ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৪০ হাজার ১১ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

বুধবার (২৪ জুন) সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।

সভায় জানানো হয়, সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডে ১৪৪টি স্থায়ী ইপিআই টিকাদান কেন্দ্রসহ মোট ৩৪০টি সেশনের মাধ্যমে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান করা হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৫ হাজার ২৫৫ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ১৪ হাজার ৭৫৬ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম। অনুষ্ঠানে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের বিভিন্ন দিক তুলে ধরেন সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার ডা. নাফিয়া ইসলাম।

এ সময় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী রোববার (২৮ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। স্বাস্থ্য বিভাগ নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছে।